আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হুদার বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তার করা ও বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ দেয়ার প্রেক্ষিতে বিচারিক আদালত থেকে সমন জারি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমজাদ হোসেন। মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমজাদ হোসেনের পক্ষের নেতাকর্মীদের প্রশাসন কর্তৃক হয়রানির প্রতিবাদ ও বিএনপির নেতাকর্মীদের নির্বাচনে বিব্রতকর অবস্থায় এবং চাপে রাখতে বিচারিক আদালত থেকে সমন জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপির মনোনীত প্রার্থীর আমজাদ হোসেনের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন আসন্ন নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে এবং পেশাগত দায়িত্ব পালন করার আহবান জানান।
তিনি বক্তব্যে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের নামে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিশেষতঃ আইন শৃঙ্খলা রক্ষা কারী বিভিন্ন সংস্থার নিকট বিএনপির সমর্থকদের মধ্যে প্রায় ৯০ জন নেতাকর্মীদের একটি তালিকা তৈরী করে মিথ্যা অভিযোগ দাখিল করেছে। এমনকি মেহেরপুর বিচারিক আদালত থেকে পুলিশী সমন জারি করে নেতা কর্মীদের স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।
এছাড়াও নির্বাচনের দিনে তাদের বিরুদ্ধে ভোট সেন্টার দখল নিতে জবরদস্তি করে প্রতিপক্ষকে বাঁধাদান বা ভয়ভীতি প্রদর্শনের কর্মকান্ডের অভিযোগ করা হয়েছে। জানা গেছে, তালিকাভুক্ত ব্যাক্তিদের প্রায় সকলেই বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিএনপির মনোনীত প্রার্থী বা দল সম্পূর্ণ অবাধ নিরপেক্ষ স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনে বিশ্বাসী । কোন প্রভাব খাটানোর প্রশ্নই উঠে না।
এই তালিকা দাখিল এর বিষয়টি গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক, পরিকল্পিত ভাবে বানোয়াট অভিযোগ তুলে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের মাঠছাড়া করার অপকৌশল বলে তিনি মনে করেন।এঘটনায় সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই বাছাই করে অপকৌশল ও ষড়যন্ত্র প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপির নেতা কর্মীরা ।
