মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক আলী আজগর। রাত ১২টা ১মিনিটে উপজেলা শাখা জামায়াতের পক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তিনি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম , উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল।
পরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ভাঙ্গুড়া থানা, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠন, ভাঙ্গুড়া পৌরসভা, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
