আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলায় স্বামী পরিত্যাক্তা সামিরার ঘরে লাগানো সুদ কারবারির সেই তালা অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে খুলে দেওয়া হয়েছে।
২১ ফেব্রুয়ারি রাতে ইউএনও’র নির্দেশক্রমে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম ওই বাড়িতে গিয়ে ঘরে লাগানো তালা খুলে দেন।
উল্লেখ্য, সামিরার মেয়ে জান্নাতুল প্রায় ছয় মাস আগে স্থানীয় দাদন ব্যবসায়ী আলমিনা বেগমের কাছ থেকে ৬০ হাজার টাকা সুদের উপরে নেন। পরে সে চাকরির সন্ধানে ঢাকায় গেলে সে তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। সুদের টাকা না পেয়ে ওই দাদন ব্যবসায়ী সামিরার থাকার ঘরে তালা লাগিয়ে দেন ও সুদ আসলে টাকার দাবি করেন। পরে সামিরা দুই দিন ঘরের বাইরে রাত্রিযাপন করেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা হলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নজরে আসে। এরপর তার নির্দেশে তালা খুলে দেওয়া হয়।
নিজের জমিজায়গা না থাকার কারণে সামিরা বেগম হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের পদ্মপুকুর উজিয়াল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন।
ভুক্তভোগী সামিরা বলেন, মুই দুই দিন না খেয়া ঘরের বাইরোত পরি আছনু। রোজা মাস শুরু হইছে। রাইতোত যখন ঘরের বাইরোত সুতি আছনু তখন মোর ভয়েতে ঘুমে আইসেনা বাবা। মোক ওই সুদারু যে কষ্ট দিছে আল্লাহর গজব পরবে অর উপর। ইউএনও মোর ঘরের তালা খুলি দেছে ওমার ভালো করবে আল্লাহ্।
ইউএনও মোনাব্বর হোসেন বলেন, বিষয়টি আমি জানার পর পরেই মহিলাটির ঘরে লাগানো তালা খুলে দেওয়ার জন্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে নির্দেশ দেই।
