এস এ ডিউক ভূইয়া:কুমিল্লা।। জীবনের এই বয়সে অনেকেই যখন বিশ্রাম খোঁজেন, তখনও জীবিকার তাগিদে হাটে-হাটে ঘুরে বেড়াতে হয় ৭০ বছরের বৃদ্ধ শাহ আলমকে। মাথার উপর তপ্ত রোদ, কখনো বৃষ্টি—সবকিছু উপেক্ষা করে তিনি মাটিতে ছোট্ট একটি দোকান সাজিয়ে বসেন। পুরনো তালাচাবি, গ্যাসলাইট আর ছাতা মেরামত করেই চলছে তাঁর জীবনসংগ্রাম।
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর গ্রামের বাসিন্দা শাহ আলম। চার সন্তানের জনক এই মানুষটি এখন প্রায় নিঃস্ব। জীবনের নানা দুঃখ-কষ্ট আর প্রতিকূলতার মধ্য দিয়েই কেটে গেছে তাঁর দীর্ঘ পথচলা। তবুও থেমে নেই তাঁর সংগ্রাম; পরিবারের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়ার তাগিদে প্রতিদিনই বেরিয়ে পড়েন তিনি।
সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিনে উপজেলার বিভিন্ন হাটে বসেন শাহ আলম। রবিবার মাছিমপুর বাজার, সোমবার ঘারমোড়া বাজার, বুধবার বাতাকান্দি বাজার এবং বৃহস্পতিবার শ্রীপুর বাজার—এসব হাটের দিন মাটিতে একটি ছোট্ট আসন পেতে বসে পড়েন তিনি। হাতে থাকে কিছু পুরনো যন্ত্রপাতি। কেউ তালা ঠিক করাতে আসে, কেউ ভাঙা ছাতা, আবার কেউ গ্যাসলাইট। দিনের শেষে এসব কাজ থেকে যে অল্প কিছু টাকা হাতে আসে, তা দিয়েই কোনো রকমে চলে তাঁর সংসার।
জীবনের এক বেদনাদায়ক স্মৃতির কথা বলতে গিয়ে চোখ ভিজে ওঠে শাহ আলমের। সংসারের ভাগ্য ফেরাতে বড় ছেলে খায়রুলকে পাঠিয়েছিলেন সৌদি আরবে। স্বপ্ন ছিল—ছেলের রোজগারে একদিন ঘুরে দাঁড়াবে পরিবার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। প্রবাসে গিয়ে কিডনি রোগে আক্রান্ত হন খায়রুল। পরে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসা করাতে গিয়ে শাহ আলমকে বিক্রি করে দিতে হয় তাঁর সব জমি-জমা ও সহায়-সম্বল। তবুও শেষ পর্যন্ত ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি।
খায়রুল মৃত্যুর সময় রেখে যান তিনটি কন্যাসন্তান। এরপর থেকেই সেই তিন নাতনি ও ছেলের স্ত্রীসহ পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে বৃদ্ধ শাহ আলমের কাঁধে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েই এখন তিনি হয়ে উঠেছেন পরিবারের একমাত্র ভরসা।
অন্য ছেলে বর্তমানে বেকার। অনেক কষ্ট করে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। কিন্তু এত বড় সংসারের দায়িত্ব এখনো তাঁর কাঁধেই রয়ে গেছে।
বয়সের কারণে শরীর আগের মতো শক্তি দেয় না। তবুও পরিবারের কথা ভেবে প্রতিদিনই বেরিয়ে পড়েন শাহ আলম। হোমনা-তিতাস উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাটে ঘুরে ঘুরে সারাদিন মাটিতে বসে কাজ করেন। দিনের শেষে হাতে আসে সামান্য কিছু টাকা—কখনো তা দিয়ে রান্না হয়, কখনো আবার না খেয়েই কাটে দিন।
আক্ষেপের সুরে শাহ আলম বলেন, “জীবনে অনেক কষ্ট করলাম, কিন্তু এখনো কোনো সরকারি সাহায্য পাইনি। শরীর আর আগের মতো কাজ করে না, তবুও পরিবারের জন্য হাটে যেতে হয়।”
স্থানীয়দের মতে, এমন সংগ্রামী মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহায়তা এগিয়ে এলে জীবনের শেষ সময়ে অন্তত কিছুটা স্বস্তি পেতে পারেন শাহ আলম।
জীবনের নানা প্রতিকূলতার মাঝেও হার না মানা এই বৃদ্ধ যেন এক জীবন্ত উদাহরণ—সংগ্রামই যার জীবন, আর পরিবারই যার বেঁচে থাকার একমাত্র প্রেরণা।
