পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় এক হত্যাচেষ্টা মামলায় জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে পঞ্চগড় আমলী আদালত ১ এর বিচারক মাহবুব আলী মুয়াদ এ আদেশ দেন। একই আদেশে আরিফের সহযোগী জাকির হোসেনকেও কারাগারে পাঠানো হয়। আরিফ মামলার প্রধান আসামী ও জাকির ৪ নম্বর আসামী ছিলেন।
এর আগে, শাহিনুর রহমান নামে এক ব্যাক্তির করা মামলায় আরিফ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। গত ৮ ফেব্রুয়ারী নিয়ে ২২ মার্চ তার জামিনের মেয়াদ শেষ হয়। এছাড়া আরিফের ছোট ভাই ও মামলার দ্বিতীয় আসামী রাকিব হোসেন কারাবাস থেকে বর্তমানে জামিনে আছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর বিকেলে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের কেচেরাপাড়া এলাকায় মোস্তফা জামালের গতিরোধ করে বেধরক মারধর করে চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার পায়ের রগ কেটে দেয়া হয়।র এসময় ভুক্তভোগীর চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ১১টি সেলাই দেয়া হয়।
পরে মামলা করতে সদর থানায় ভুক্তভোগীরা গেলেও সেচ্ছাসেবক দল নেতার দাপটে মামলা নেয়নি পুলিশ। পরে ১৮ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন শাহিনুর রহমান।
সেচ্ছাসেবক দল নেতা আরিফের বিরুদ্ধে উত্তরা চা কারখানা জোরজবর দখল করে নেয়া এবং মুল মালিককে কারাখানাতে যেতে না দেয়ার অভিযোগ উঠে। এছাড়া কালোবাজারিতে চা বিক্রি, বিদ্যুৎ বিল না দিয়ে কারখানা ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ উঠে৷ এছাড়া আরিফ ও রাকিবের জমি দখল, বেপরোয়া চলাফেরা সহ অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল স্থানীয় মানুষজন।
মামলার বাদি শাহিনুর রহমান বলেন, আরিফ ও রাকিবের অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ। বিএনপির দাপট দেখিয়ে এমন অপকর্ম নেই তারা করেনি। আমার বাবাকে তারা হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। তারা যেন বের হবার সুযোগ না পায় আমরা সেটাই আদালতের কাছে কামণা করি। আমরা এই অত্যাচারীদের সর্বোচ্চ শাস্তি চাই।
পঞ্চগড় আদালত পুলিশের পরিদর্শক (ওসি) খান মো শাহরিয়ার বলেন, আদালতের আদেশ হবার পরে আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।
