রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : গঙ্গাধর ও তিস্তা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা এবং বিস্তীর্ণ এলাকা আবারও হুমকির মুখে। গত এক সপ্তাহে ৫ ইউনিয়নের শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন। জীবন জীবিকা হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। পরিবারগুলো স্থায়ী পুনর্বাসন না পেয়ে আর ঘুরে দাঁড়াতে পারছে না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছেন ভাঙন রোধে জিও ব্যাগ পর্যাপ্ত রয়েছে এবং জরুরি পদক্ষেপ নেয়া হবে।
জানা গেছে, কুড়িগ্রাম জেলা দেশের সবচেয়ে দারিদ্রতম এর অন্যতম কারণ নদী ভাঙন। প্রতিবছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে প্রায় ৫হাজার পরিবার। ১৬টি নদীর পানি বাড়ছে আর তীব্র আকারে গঙ্গাধর ও তিস্তা নদী তীব্র আকারে নদী ভাঙছে। গত এক সপ্তাহে গঙ্গাধর ও তিস্তা নদীর ভাঙনে প্রতিদিনই জমি হারাচ্ছেন কৃষকেরা। ভুট্টা, ধানসহ বিভিন্ন ফসলি জমি নদীতে চলে যাওয়ায় জীবিকা সংকটে পড়েছেন। অনেক বসতবাড়িও এখন ঝুঁকির মুখে রয়েছে, ফলে আতঙ্কে দিন কাটছে তাদের।
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ, মাঝের চর, গতিয়াশাম, ক্লিনিকপাড়া ও গতিয়াশাম মন্ডলপাড়া এবং উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা ও কালপানির বাড়ী ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিনিয়ত বিলীন হচ্ছে ঘড়বাড়ি, ভিটেমাটি, গাছপালা ও ফসলী জমি। ভাঙন আতঙ্কে বসতভিটা ছেড়ে অনেকে চলে যাচ্ছেন অন্যান্য স্থানে। হুমকিতে পড়েছে নদীর তীরবর্তী এলাকার প্রকৃতি ও পরিবেশ। তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিমে। প্রায় ৩১৫কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর এটি নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গাইবান্ধার হরিপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। নদীটির বাংলাদেশ অংশ প্রায় ১১৫কিলোমিটার দীর্ঘ।
নাগেশ্বরী উপজেলার ভিতরব গঙ্গাধর নদী ভাঙনে গত এক সপ্তাহে নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি এলাকায় অর্ধ শতাধিক পরিবার ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। ফলে ভাঙন আত ঙ্কে চৌদ্দঘুড়ি বিজিবি ফাড়ি, সরকারি প্রাইমারী, স্বাস্থ্য ক্লিনিক, উচ্চ বিদ্যালয়, বাজার, কৃষি জমি ও বসতভিটা। জরুরিভাবে ভাঙন রোধ না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি গ্রাম। বল্লভেরখাস, কচাকাটা ও নারায়নপুর ইউনিয়নের বলরামপুর ও রহমানেরকুটি, মধ্য ধনীরামপুর, নারায়নপুর, বালারহাট, পদ্মারচর এলাকার অনেক পরিবার ভিটেমাটি ও আবাদী ফসল হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙন আতঙ্কে বলরামপুর, শিমুলতলা, ফান্দেরচর, রহমানেরকুটি, ধনীরামপুর পদ্মারচর এলাকার প্রায় ১০হাজার পরিবার সহ স্কুল, মসজিদ, ঘরবাড়ি ও জমিজমা। জরুরিভাবে ভাঙন রোধ না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে বল্লভেরখাস, কচাকাটা ও নারায়নপুর ইউনিয়ন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার তিস্তা নদীর প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় ভাঙনপ্রবণতা রয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলার ঘড়িয়ারডাঙ্গা ইউনিয়নের রামহরি এলাকায় ৪০০মিটার, নাজিমখান ইউনিয়নের একটি অংশে ৫০০মিটার, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চাপড়ারপাড়ে ১হাজার মিটার, সাদুয়ারদামারহাটে ৫০০মিটার এবং বজরা এলাকায় ৭০০মিটার এবং নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি ৯০০মিটার, বল্লভেরখাস, কচাকাটা ও নারায়নপুর ইউনিয়নের অনেক এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
