ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শকুন সচেতনতা দিবসে আজিজুল হক কলেজে তীরের র‌্যালি, আলোচনা ও প্রতিযোগিতা

Mahamudul Hasan Babu
September 13, 2026 11:54 am
Link Copied!

মোঃ খাত্তাব হোসেন, বগুড়া প্রতিনিধি: বিশ্ব শকুন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)-এর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল শকুন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। অনুষ্ঠানে বিপন্ন শকুন উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং সংরক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, “শকুন প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত। মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে তারা পরিবেশকে পরিষ্কার রাখে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা ও ক্ষুরারোগসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ বর্তমানে এই উপকারী পাখিটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।”

সভায় তীরের উপদেষ্টা ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শাহজাহান আলী বলেন, বন বিভাগের তথ্য অনুযায়ী স্বাধীনতার আগে বাংলাদেশে প্রায় ৫০ হাজারের বেশি শকুন ছিল। কিন্তু বন বিভাগ ও আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর ২০২৩ সালের শুমারিতে দেশে মাত্র ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি শকুন সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তীরের সভাপতি মেহেদী হাসান বলেন, ২০১১ সাল থেকে তীর পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। শকুন সংরক্ষণে সরকার, বন বিভাগ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তীরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুনি খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোরসালিন, ফাবিহা ও জাকারিয়া ইসলাম, কোষাধ্যক্ষ সাদিয়া, সহ-দপ্তর সম্পাদক রিফাতসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা শেষে রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ২০২১ সালে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার অর্জন করে।