ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাস্টের ফান্ড বেড়ে ২৫ কোটি: মফস্বল সাংবাদিকদের পাশে সরকার অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান

Mahamudul Hasan Babu
September 13, 2026 3:25 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক বরাদ্দ চার গুণেরও বেশি বাড়িয়ে ৬ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মফস্বল ও জেলা-উপজেলা পর্যায়ের প্রান্তিক সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই সরকারের এই বড় উদ্যোগ।

​রবিবার (১৩সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

​মফস্বল সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ খণ্ডন করে প্রতিমন্ত্রী বলেন, “মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পান না-এমন ধারণা একেবারেই ভুল। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিটি কর্মনিষ্ঠ সাংবাদিকের কাছে পৌঁছানো হচ্ছে।”

তিনি আরো জানান,বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তা নীতিগতভাবে অনুমোদিত। চলতি বছরে পুরো বর্ধিত অর্থ বিতরণ সম্ভব না হলেও আগামী অর্থবছর থেকে সাংবাদিকরা এর পূর্ণ সুফল পাবেন।

​সম্প্রতি ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ না নেওয়াকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিমধ্যেই সরকারের পরিষ্কার অবস্থান তুলে ধরেছেন। এটি সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।

​সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন,যেকোনো দেশ বা প্রতিষ্ঠান তাদের আইন ও সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে স্বাধীন মত প্রকাশ করতেই পারে। গণতান্ত্রিক বিশ্বে গণমাধ্যমের এই অবাধ স্বাধীনতা বজায় থাকবে বলেই সরকার প্রত্যাশা করে।

​জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বেশ কিছু নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন,জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল,জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।