রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ার চর মধ্যপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র তরুণ-তরুণীদের প্ররোচনায় ফেলে অসামাজিক কর্মকাণ্ডের ফাঁদ পেতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই এলাকার দিনমজুর পরিবারের সন্তান জামাল তালইকে নারী নির্যাতনের অভিযোগে গোপন বৈঠকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে চক্রটি।
অনুসন্ধানে জানা যায়,কুমিল্লা থেকে আসা এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এলাকায় নিয়ে আসে নাজমুল নামের এক যুবক। পরে প্রতিবেশী বিল্লাল হোসেন উকিল বাবা সেজে তাদের বিয়ে দেয়। অভিযোগ রয়েছে,পরবর্তীতে বিল্লালের প্ররোচনাতেই ওই গৃহবধূ ও জামাল তালইকে কেন্দ্র করে কেলেঙ্কারির নাটক সাজানো হয়। একপর্যায়ে ডিগ্রিচর তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হলে,বিষয়টি সমাধানের নামে স্থানীয় বিএনপি যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামিউল হক রাজু,বিল্লাল,খোরশেদ ও লতিফসহ এক প্রভাবশালী সিন্ডিকেট গোপন বৈঠকে বসে ওই মোটা অঙ্কের জরিমানা আদায় করে। জরিমানার টাকার বড় একটি অংশ ভুক্তভোগী পরিবারকে না দিয়ে দালাল চক্রটি আত্মসাৎ করেছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে ডিগ্রিচর তদন্ত কেন্দ্রের এসআই শুরুজ্জামান জানান,স্থানীয়রা অভিযোগের ভিত্তিতে আপস-মীমাংসা করে দেওয়ায় উভয় পক্ষ অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।
এদিকে,এই ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এর জের ধরে স্থানীয় বিএনপি যুবদল নেতা ছামিউল হক রাজুর নেতৃত্বে সাংবাদিক মশিউর রহমান টুটুলকে টানা প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সাংবাদিক টুটুল ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনি সুরক্ষা দাবি করেছেন।
