রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বিদেশে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া দালালি এবং পরবর্তীতে প্রতিবাদ করায় উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মুছলিম উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে ফুঁসে উঠেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৪সেপ্টেম্বর) বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর মাগুরীহাট পূর্বপাড়া (সরকার বাজার) এলাকায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ক্ষুব্ধ ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নিয়ে অভিযুক্ত মুছলিম উদ্দিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা জানান,চর মাগুরীহাট গ্রামের হাজী আব্দুল হাদীর ছেলে মুছলিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মানব পাচার ও প্রতারক চক্র পরিচালনা করছেন। বিদেশফেরত প্রবাসী মহির উদ্দিন,প্রবাসী জাহিদুল,আবু হানিফ ও আবু জাফরের পরিবারসহ একাধিক স্থানীয় বাসিন্দা তার প্রতারণার শিকার হয়েছেন। প্রবাসে ভালো কাজের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত হলে বা পাওনা টাকা ফেরত চাইলে তিনি কৌশলে তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা আকুল আবেদন জানিয়ে বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। টাকাও হারিয়েছি,আবার মিথ্যা মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলেই মুছলিম উদ্দিনের থলের বিড়াল বেরিয়ে আসবে।”
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অভিযুক্ত মুছলিম উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
