লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন জুমচাষি জুমে কাজ করতে যাওয়ার সময় ওই এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা লামা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মো. ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি ছগিরের বলে শনাক্ত করেন।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের স্বজনরা লাশটি শনাক্ত করেন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তবে ছগিরকে কী কারণে এবং কারা হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
