ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মব সৃষ্টি ও বিভিন্ন ধরনের অপতৎপরতার অভিযোগ তুলে এর প্রতিবাদে নীলফামারীর ডিমলায় অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বিজয় চত্বরে এ প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মব সৃষ্টি, বিশৃঙ্খলা এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো ধরনের চাপ তৈরির বিরুদ্ধে বক্তব্য দেন। তারা বলেন, কোনো দাবি বা অভিযোগ থাকলে তা আইন ও গণতান্ত্রিক পদ্ধতিতে উপস্থাপন করা উচিত। মব সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করা হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্র ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে যেকোনো অন্যায় বা অনিয়মের প্রতিবাদ করতে হলে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তা করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতারা মব সৃষ্টি ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেই মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, খগাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামিউল ইসলাম লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান আকিক, ইসলামীয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে বক্তারা মব সৃষ্টি ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
