মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives) প্রতিপাদ্যকে সামনে রেখে ২১ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় প্রবীণ নাগরিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান বলেন, “প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের দেশ ও জাতির অমূল্য সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দিকনির্দেশনা একটি সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সরকার প্রবীণদের অধিকার রক্ষা ও তাঁদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি পরিবার ও সমাজকে প্রবীণদের প্রতি আরও সহানুভূতিশীল ও দায়িত্বশীল হতে হবে।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মোরাদ হোসেন, প্রবীণ সাংবাদিক ও সমাজ সেবক সহিদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজসেবক শেখ ফরিদ আহমেদ এবং প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ইমদাদুল হক মোল্লা। বক্তারা প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রবীণদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, সামাজিক সুরক্ষা প্রদান এবং সমাজের উন্নয়নমূলক কাজ ও সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবীণদের সার্বিক জীবনের মান উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান কয়েকজন প্রবীণ ব্যক্তির হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
