রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গু,ডায়রিয়াসহ নানা মৌসুমি রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, বমি,ডায়রিয়া ও পানিশূন্যতার মতো বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশু ও তাদের স্বজনেরা ভিড় করছেন হাসপাতালে। এতে হাসপাতালের শিশু ওয়ার্ড ও বহির্বিভাগে তৈরি হয়েছে অতিরিক্ত রোগীর চাপ,চিকিৎসকের পরামর্শ পেতে অভিভাবকদের পোহাতে হচ্ছে দীর্ঘ অপেক্ষার দুর্ভোগ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিবের নেতৃত্বে পরিচালিত এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সাম্প্রতিক সময়ে মৌসুমি রোগের সঙ্গে ডেঙ্গু ও ডায়রিয়া রোগীর আধিক্য দেখা গেছে।
সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,সারাদেশে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই প্রভাব পড়ছে স্থানীয় পর্যায়েও। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট চিকিৎসকেরা বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ,মশার প্রজননস্থল ধ্বংস এবং শিশুদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন। বিশেষ করে শিশুদের নিরাপদ পানি পান করানো,হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং লক্ষণ দেখা দিলেই দ্রত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে শিশু রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় হাসপাতালে পর্যাপ্ত ওষুধ,শয্যা এবং অন্যান্য চিকিৎসা-সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে জরুরি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়া রুখতে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে সমন্বিতভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার জোর দাবি উঠেছে।
