রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মোছা. মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামপুর উপজেলা যুবদল।
শুক্রবার (২অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন। তিনি দাবি করেন,গত ২৬ সেপ্টেম্বর সকালে মঞ্জুয়ারা খাতুনকে হত্যার ঘটনায় দায়ের করা সি.আর. মামলায় (নং-২৬০০৯(১)/২০২৬) রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামিদুর রহমান মলিনকে জড়ানো হয়েছে।
হেলাল উদ্দিন বলেন,গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত মলিনসহ উপজেলা যুবদলের শীর্ষ নেতারা দলীয় কাজে জামালপুরে অবস্থান করছিলেন। ফলে ঘটনার সময়ে তার উপস্থিত থাকা অসম্ভব। একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি আরও বলেন,যুবদল যেকোনো অপমৃত্যু বা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায়। তবে নিরপেক্ষ ও আইনানুগ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। একই সাথে মলিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাফুদুজ্জামান লুলু,সাঈদ খান লোহানী, আলীনুর ইসলাম,সামিউল হক লাভলু এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহেল রানা খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
তবে এ বিষয়ে মামলার বাদীপক্ষ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।
