ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবার পেল ২১ লাখ ৫৯ হাজার টাকা হাতি সংরক্ষণ ও মানুষ-হাতি সংঘাত কমাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

Mahamudul Hasan Babu
October 4, 2026 5:56 am
Link Copied!

লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানে বন্যহাতি সংরক্ষণ এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যহাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং হাতির আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (৪ অক্টোবর) লামা বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন অধিদপ্তর, ঢাকা’র প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কাইছার হামিদ।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুদ আলম।

সভায় বক্তারা বলেন, বন্যহাতি বাংলাদেশের প্রাকৃতিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। হাতির আবাসস্থল ও চলাচলের করিডোর সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, প্রশাসন ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে মোট ২১ লাখ ৫৯ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সরকারি এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে বন্যহাতির আক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কার্যক্রম আরও জোরদারের দাবি জানান।