সবুজ হোসেন, নওগাঁ:জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা রাতের আঁধারে পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন নন্দাইল নামক অস্থায়ী পোস্টের বাম পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ২৮ হাজার ৫০০ টাকা।
উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদকসহ আন্তঃসীমান্তীয় অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
