রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ লোকজ সংস্কৃতি ও বাউল গানের অঙ্গনে বইছে আনন্দের হাওয়া। জামালপুরের ইসলামপুর উপজেলার কৃতি সন্তান ও উদীয়মান বাউল শিল্পী সুমন মন্ডল স্থান করে নিয়েছেন ‘বাংলাদেশ বাউল সমিতি’র কেন্দ্রীয় কমিটিতে। কেন্দ্রীয় কমিটির সদস্য পদে তাঁর এই নির্বাচন ইসলামপুরসহ পুরো জামালপুর জেলার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
দীর্ঘদিন ধরে বাউল গান ও দেশীয় লোকজ সংস্কৃতির চর্চায় নিজেকে নিবেদিত রেখেছেন সুমন মন্ডল। স্বকীয় পরিবেশনা ও সাংস্কৃতিক নিষ্ঠার মধ্য দিয়ে ইতোমধ্যে তিনি স্থানীয় সুধীজন ও সংগীত প্রেমীদের হৃদয়ে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে তাঁর এই অন্তর্ভুক্তিতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সংগীত প্রেমীদের প্রত্যাশা,কেন্দ্রীয় পর্যায়ের এই গুরুদায়িত্ব পালনের মাধ্যমে সুমন মন্ডল বাউল গানের সমৃদ্ধ ঐতিহ্যকে আরও উঁচুতে তুলে ধরবেন। একই সাথে নতুন প্রজন্মের কাছে বাউল সংগীতের শিকড় ও আবেদন পৌঁছে দিতে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন।
এদিকে সুমন মন্ডলকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় ইসলামপুরে সর্বস্তরের সংগীতপ্রেমী জনতা এবং সাংস্কৃতিক কর্মীরা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি হালিম সাগর চান ও সাধারণ সম্পাদক কারী বারেক বৈদেশী-র প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন প্রকাশ করেছেন।
তাঁর এই অর্জনে ইসলামপুর উপজেলার শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ তাঁকে সামাজিক ও সামাজিকভাবে নিরবচ্ছিন্ন শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।
