ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উন্নত দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান: উৎসবমুখর পরিবেশে গোবিপ্রবিতে নবীন বরণ

Mahamudul Hasan Babu
October 8, 2026 11:41 am
Link Copied!

মোঃ সাইফুর রশিদ চৌধুরী। ফুলেল শুভেচ্ছা, আনন্দ-উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের মধ্য দিয়ে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নবীনদের পদচারণায় ক্যাম্পাসজুড়ে বিরাজ করছিল এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা। তিনি বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উন্নত দেশ ও জাতির কল্যাণে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান। অতিথিরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ অর্জনের স্থান নয়, বরং জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের অন্যতম কেন্দ্র। অর্জিত বিদ্যাকে দেশ ও মানুষের সেবায় কাজে লাগানোর পরামর্শ দেন তাঁরা।

​বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি ঘিরে নবীন শিক্ষার্থীদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। নতুন পরিবেশ ও সহপাঠীদের সাথে পরিচিত হয়ে তারা জানান, পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চান তারা। এমন দৃষ্টিনন্দন আয়োজন বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে স্মরণীয় করে রেখেছে।