ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া

Mahamudul Hasan Babu
October 13, 2026 11:49 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজগর, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম।কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া। ফায়ার সার্ভিসের টিম লিডার মজিদের নেতৃত্বে সদস্যরা আগুন লাগার পরিস্থিতি তৈরি করে বাস্তবধর্মী পদ্ধতিতে আগুন নেভানোর কৌশল প্রদর্শন করেন। এ সময় আগুন লাগলে দ্রুত করণীয়, নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বন্যা, অগ্নিকাণ্ড, বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সচেতনতা এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগে নয় ক্ষতি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি পরিবার ও নাগরিককে সচেতন হতে হবে। ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু হলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।