মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে চেতনানাশক প্রয়োগ করে এক নারীর স্বর্ণের দুলসহ বিভিন্ন মালামাল ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মলম পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে মো. আপেল (৩০), অপরজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার আব্দুল বারীর ছেলে মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে আটোয়ারী উপজেলার ৪ নম্বর রাধানগর ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রি অফিসের ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ারা বেগম (৪৯) অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে চেতনানাশক প্রয়োগ করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার, পোশাক, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।
এজাহারে উল্লেখ করা হয়, আনোয়ারা বেগমের কানে থাকা চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, নতুন এক সেট সুন্নতি পোশাক, একটি পুরোনো সিম্ফনি বাটন মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড এবং একটি ব্যাগে থাকা নগদ ৩৫০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামাল ও নগদ টাকার মোট আনুমানিক মূল্য ৬২ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা বেগম আটোয়ারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পরে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইমের সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের তত্ত্বাবধানে পুলিশ অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আপেল ও মোহাম্মদ আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আটোয়ারী থানায় ১২ অক্টোবর ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩২৮/৩৭৯ ধারায় নথিভুক্ত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চেতনানাশক প্রয়োগ করে সাধারণ মানুষের সর্বস্ব হাতিয়ে নেওয়ার মতো ঘটনা প্রতিরোধে জনসাধারণকে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্দেহজনক পরিস্থিতির মুখোমুখি হলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।
