মোঃ নাজিম উদ্দিন জেলা প্রতিনিধি গাজীপুর aতৈরি পোশাকশিল্পে উদ্ভূত শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ বুধবার বেলা ৩টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন, অথচ শ্রমিক সংগঠনের নেতা সেজে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এ ব্যাপারে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সবাই সজাগ রয়েছেন।
সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরে মন্ত্রী জানান, ইতিমধ্যে মালিক ও শ্রমিক উভয় পক্ষ থেকে প্রতিনিধির তালিকা পাওয়া গেছে এবং আগামী সাত দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট জারি করা হবে।
কারখানামালিকদের উদ্দেশে মাননীয় মন্ত্রী মহোদয় কড়া বার্তা দিয়ে জানান, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধ করতে হবে। শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্যগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই সেলে যেকোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং শ্রম ও কর্মসংস্থানসচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএমসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
