লামা (বান্দরবান) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বাদ আসর লামা উপজেলা চত্বরে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির মুহাম্মদ কাজী ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, লামা উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. ফরিদুল আলম, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আজিমুল ইসলাম এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল হাসান মারুফ।
এ সময় জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
