ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে মধুমতী নদীতে নৌকাবাইচ, প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 1, 2026 4:47 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর বুকে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতাকে ঘিরে দুই তীরে নামে লাখো মানুষের ঢল। বাদ্যযন্ত্র ঘণ্টার ধ্বনি আর মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো মহম্মদপুর উপজেলাজুড়ে।

রোববার (১ নভেম্বর ২০২৬) মহম্মদপুরের এলাংখালী সেতুসংলগ্ন মধুমতী নদীতে অনুষ্ঠিত হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ গ্রামীণ ঐতিহ্যের এ নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীন মেলা বসে।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ১২টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।

সকাল থেকেই নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই তীরে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে নদীর দুই তীর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিযোগিতা শুরু হলে চড়ন্দারের ঘণ্টার টং টং শব্দের সঙ্গে তাল মিলিয়ে মাঝি-মাল্লারা একযোগে বৈঠা টেনে নৌকা ছুটিয়ে নেন গন্তব্যের দিকে।

মুহূর্তেই বৈঠার ছন্দ, মাঝিদের হর্ষধ্বনি আর দর্শকদের উল্লাসে উৎসবমুখর হয়ে ওঠে মধুমতীর বুক। নৌকাবাইচকে কেন্দ্র করে মহম্মদপুর উপজেলা সদরসহ আশপাশের অন্তত ১০টি গ্রামে কয়েক দিন আগে থেকেই শুরু হয় উৎসবের আমেজ। নদীর দুই তীরে বসে গ্রামীণ মেলা ও দোকানপাটের পসরা বসে। মেলা এলাকায় দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজনের আগমন এবং মানুষের পদচারণায় পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

মহম্মদপুর মধুমতী নৌকাবাইচ মেলা-২০২৬ পরিচালনা কমিটির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন। রূপায়ণ গ্রুপের আর্থিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

মধুমতী নৌকাবাইচ ও মেলা কমিটির সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক মো. আলী আহম্মেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. হাসিনা মমতাজ, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুনাহার, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, সহযোগী অধ্যাপক ড. রইচ উদ্দীন, অ্যাডভোকেট আহসান হাবীব খান সোহেল, মো. মহিদুল ইসলাম, মো. শরিফুজ্জামান টুকু, যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গ্রামবাংলার নদীকেন্দ্রিক ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এবারের মধুমতী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা।