স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুর উপজেলার বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ.শাহনুর জামান।তিনি তাঁর বক্তব্যে বলেন,“লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ,শৃঙ্খলাবোধ ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মো.হাসানুজ্জামান সুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সুপার মো. ওহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল এবং ৬নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.নওশের আলী।
বক্তারা বলেন,শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও সুদৃঢ় করবে-এমন আশাবাদ ব্যক্ত করে বক্তারা অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
