রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:পবিত্র মাহে রমযান কে সামনে রেখে নোয়াখালীতে প্রথম বারের মতো শুরু হয়েছে মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রায় ৫০ টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এর প্রথম ও দ্বিতীয় অডিশন।
সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর অডিটোরিয়ামে আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি কামরুল হাসান বিন কাসেম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আদনান এর সঞ্চালনায় দিনব্যাপী এই অডিশন অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম অডিশন অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবু নাছের, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ,সংসদ সদস্য পদপ্রার্থী শওকত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসেন,মাষ্টার ওয়াজি উল্যাহ ফাউন্ডেশনের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম ও আবু নাছের প্রমূখ।
প্রতিযোগিতায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বিচারকদের সমন্বয়ে প্রথম অডিশনে অংশগ্রহণকৃত ৩ শতাধিক প্রতিযোগি থেকে যাচাই বাছাই শেষে দ্বিতীয় অডিশনের জন্য নির্বাচিত হয়ে ইয়েস কার্ড গ্রহণ করেন ৬০ জন প্রতিযোগি।
দ্বিতীয় অডিশনে অংশগ্রহণ করে ৬০ প্রতিযোগির মধ্যথেকে আগামী ২৫ ফেব্রুয়ারী বুধবার বসুরহাট হাইস্কুল মাঠে ফাইনালে লড়বেন সেরা নির্বাচিত ২০ হাফেজে কোরআন।
এতে প্রথম স্থান অর্জনকারী বিজয়ী পাবেন ৫০ হাজার টাকার নগদ উপহার ও সর্বোচ্চ সম্মাননা। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন ৩০ ও ২০ হাজার টাকা করে নগদ উপহার ও সম্মাননা। এছাড়াও বাকি সেরা নির্বাচিত ১৭ জন পাবেন সম্মাননা উপহার।
