ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলাহাটে জামায়াতের বিশাল জনসভা: ‘নির্বাচিত হলে বরাদ্দকৃত প্রতিটি টাকা উন্নয়নে ব্যয় হবে’— ড. মিজানুর রহমান

Mahamudul Hasan Babu
February 3, 2026 2:16 pm
Link Copied!

মোঃইসমাইল হক ভোলাহাট:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ২নং গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক সবজা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে এই জনসভা আয়োজিত হয়।

গোহালবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইয়াহইয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলাম বকুল, জেলা শিবিরের সভাপতি মো. সালাহ উদ্দিন সোহাগ ও সেক্রেটারি মো. আব্দুল্লাহ। এছাড়াও উপজেলা জামায়াতের আমির মাওলানা সামসুজ্জামান আলকেশ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী,সেক্রেটারি মো. তৌহিদুর রহমান এবং এনসিপি সংগঠক সুজন বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, “আমি নির্বাচিত হলে কোনো বিশেষ দলের নয়, বরং এই এলাকার সকল ধর্ম-বর্ণ ও রাজনৈতিক দলের মানুষের সমউন্নয়নে কাজ করব। জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি ও দুর্নীতির সাথে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। উন্নয়নের জন্য বরাদ্দকৃত একটি টাকাও আমি পকেটে ভরব না, প্রতিটি পয়সা জনগণের কল্যাণে ব্যয় করা হবে।”

তিনি আরও বলেন, “আগামীতে জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং নারীদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা বেকার ভাতা নয়, বরং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই।” আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।