বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ডাব চুরির সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত সজিব প্রামানিক শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সজিব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাব গাছ থেকে ডাব চুরি করার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের পালক মা মাসুদা জানান, বুধবার রাতে আনুমানিক রাত ৩টার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। পরে ভোরে তার মৃত্যুর খবর পান।
নিহতের ভাই সোহেল রানা বলেন, “রাত তিনটা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।”
স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং তিনি নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাব গাছের গোড়ায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
