স্টাফ রিপোর্টার : আবু সালমান : লক্ষ্মীপুরের রামগতিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নেতাকর্মীদের জন্য বড় পরিসরে খাবারের আয়োজন করাকে কেন্দ্র করে মোবাইল কোর্ট জরিমানা করেছে।
শনিবার (৭ জানুয়ারি) উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম মেম্বারের বাড়িতে প্রায় দুই হাজার মানুষের দুপুরের খাবারের আয়োজন করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তার নজরে এলে রামগতি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ইনজারুল হক ঘটনাস্থলে যান।
ম্যাজিস্ট্রেট উপস্থিত হওয়ার খবর পেয়ে সেখানে থাকা বিএনপির কিছু নেতাকর্মী ও সমর্থক দ্রুত সরে যান। এ সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান বাড়ির একটি কক্ষে অবস্থান নেন বলে জানা যায়।
পরে বাড়ির মালিক আবুল কালাম মেম্বারকে এ আয়োজনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার মরহুম পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবারের আয়োজন করা হয়েছিল। তবে নির্বাচনকালীন সময়ে এমন আয়োজন আচরণবিধি পরিপন্থী—এ কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয় কয়েকজন জানান, আবুল কালাম মেম্বার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদারও স্থানীয় রাজনীতিতে সক্রিয়। ঘটনার দিন ধানের শীষ প্রতীকের প্রার্থীর জনসংযোগ কর্মসূচির সময় এ খাবারের আয়োজন করা হয় বলে তারা দাবি করেন।
এদিকে, গত এক সপ্তাহে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতীকের প্রার্থী ও সমর্থকদের মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ জানুয়ারি চর আলগীতে ধানের শীষ প্রতীকের সমর্থকদের ২ হাজার টাকা, একই দিন দাড়ি-পাল্লা প্রতীকের সমর্থকদের ১০ হাজার টাকা, ২ জানুয়ারি উপজেলা পরিষদ এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকদের ১০ হাজার টাকা, ৬ জানুয়ারি আজাদ নগর বাজারে দাড়ি-পাল্লা প্রতীকের ৫ হাজার টাকা, খোশাল মার্কেট এলাকায় হাতপাখা প্রতীকের ৫ হাজার টাকা এবং ৭ জানুয়ারি হারুন বাজার এলাকায় আবুল কালাম মেম্বারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
