ঠাকুরগাঁও প্রতিনিধি: জীবনকে মানবসেবা ও জনকল্যাণে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে ১১ দলীয় জোটের ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন বলেছেন, “আমি জনগণের শাসক হতে চাই না, সেবক হতে চাই।” সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন—ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না। আমরা সবাই একসঙ্গে বসবাস করি।”
রোববার (০৮ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকার পৌর শহরের হাজীপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ছোটবেলা থেকেই ছাত্রজীবনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমৃত্যু মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য সবার দোয়া কামনা করি।
তিনি আরও বলেন, “আমি যদি এমপি নির্বাচিত হই, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত গাড়ি, বাড়িসহ কোনো ধরনের ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণ করব না। জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য। রাষ্ট্রের যে বরাদ্দ জনগণের জন্য আসবে, তার সুষ্ঠু ও ন্যায্য বণ্টন নিশ্চিত করব ইনশাআল্লাহ।” জনগণের প্রয়োজন ও অভিযোগ জানতে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে দেলাওয়ার বলেন, “আমরা ক্ষমতায় গেলে দেশ ও রাষ্ট্রকে নবী-রাসুল (সা.) প্রদর্শিত আদর্শ ও খলিফায়ে রাশেদিনের ন্যায় ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গড়ে তুলতে চাই।”
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন—ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না। আমরা সবাই একসঙ্গে বসবাস করি।”
তিনি ঠাকুরগাঁওকে একটি ফুলের বাগানের সঙ্গে তুলনা করে বলেন, “এই বাগানের প্রতিটি ফুল হলো মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সব ফুল মিলেই একটি সুন্দর, পরিস্ফুটিত ও সুগন্ধিময় বাগান তৈরি হবে।”
শেষে তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে একটি করে ভোট প্রার্থনা করেন।
এসময় ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
