ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৫১ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এতে তিনি ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ও পোষ্টালসহ ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৪ হাজার ৮৩৮ জন। এর মধ্যে মোট বৈধ ভোট কাস্ট হয়েছে ৩ লাখ ৮৩ হাজর ৮০৪। বাতিল হয়েছে ৭ হাজার ৫৩৭ টি ভোট। সর্বমোট প্রদত্ত হয়ে ৩ লাখ ৯১ হাজার ৩৪১টি ভোট যা মোট ভোটের ৭৬.৪৯ শতাংশ।
দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতেই গণনা সম্পন্ন হয় এবং বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
