আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও রাজনৈতিক কার্যালয়ে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অন্তত ২০ জন নেতা-কর্মী ও সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া চারজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাউফল উপজেলা বিএনপি কার্যালয়ে এসব ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এসব সহিংস কর্মকাণ্ড চালিয়েছে।
বিএনপি নেতারা আরও বলেন, নির্বাচনের দিন রাত থেকেই নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে বিজয় মিছিল বের করা হয়। পরে সেই মিছিল থেকে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
তারা অভিযোগ করেন, রাতের আঁধারে ও শুক্রবার সকালে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াসের রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং অন্তত ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনেও হামলা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, এসব ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি।
এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ অভিযোগ করেন, ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দিয়েছেন।
