মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন
থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন,
আমি শুধু জামায়াতের এমপি নয়, আমি জনতার এমপি। আমি শাসক নই, আমি
আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সকল দলমত ও জাতিধর্মের মানুষের নিরাপত্তা
এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখাই আমার প্রধান দায়িত্ব। রবিবার (১৫
ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।এমপি আব্দুল আলীম আরো বলেন, জামায়াত আমাকে নমিনেশন দিয়েছে শুধু তাদের
দলের এমপিগিরি করার জন্য নয়। আমাকে নমিনেশন দিয়েছে জনাতার এমপি
হিসেবে কাজ করার জন্য। এমপি বিশেষ কোনো গোষ্ঠীর না, এমপি হলো জাতির।
আমি সবার, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়ণে
কাজ করবো, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সহযোগিতা নিয়ে
শরণখোলা-মোরেলগঞ্জকে একটি উন্নত ও নিরাপদ জনপদে পরিনত করবো ইনশাল্লাহ।
শরণখোলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত
সভায় বক্তৃতা করেন শরণখোলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম
কবির, জামায়াত নেতা মাওলানা ওবায়দুল ইসলাম, ছরোয়ার হোসাইন বাদল এবং
সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবে সহসভাপতি নজরুল ইসলাম আকন,
সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক সাবেরা ঝর্ণা, জাহিদ
হোসেন হিমেল প্রমূখ।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম নির্বাচনকালীন ও
পরবর্তী সহিংস ঘটনায় আহতদের দেখতে শরণখোলা হাসপাতালে ছুটে যান।
এসময় তিনি অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আহতদের শান্তনা দেন।
পরবর্তীতে যাতে এধরণের ঘটনা আর না ঘটে সেব্যাপারে বিএনপি এবং
জামায়াতের দায়িত্বশীল নেতাদের প্রতি আহবান জানান।
