ঢাকাMonday , 16 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৫ বারের এমপিসহ ঠাকুরগাঁওয়ে জামানত হারিয়েছেন ১৪ জন প্রার্থী 

Mahamudul Hasan Babu
February 16, 2026 8:49 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন প্রার্থী। এরই মধ্যে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন।তালিকায় রয়েছেন পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনের মোট বৈধ ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই বিধান অনুসারেই জেলার ১৪ জন প্রার্থীর জামানত ফেরতযোগ্য হয়নি।
জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ী প্রার্থী ছাড়াও ১৪ জন প্রার্থী নির্ধারিত ন্যূনতম ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ঠাকুরগাঁও-১ সদর আসনে তিনজন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর প্রার্থী খাদেমুল ইসলাম৷
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈলের একাংশ) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন প্রার্থী৷ গণঅধিকার পরিষদের ফারুক হাসান, জাতীয় পার্টির নুরুন নাহার বেগম, এবি পার্টির নাহিদ রানা, ইসলামি আন্দোলন বাংলাদেশের রেজাউল ইসলাম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহমেদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ,রাণীশংকৈল) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৮ জন প্রার্থী। জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন পাঁচ বারের সাংসদ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়াও গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ, ইসলামী আন্দোলনের আল আমিন, সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রভাত সমির শাহাজাহান আলম, বাংলাদেশ মাইনোরিটি পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির জামানত বাজেয়াপ্ত হয়েছে৷
জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ বলেন, নির্বাচনে বৈধ ভোটের এক অষ্টমাংশ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়৷ জেলায় ধানের শীষ আর দাড়িপাল্লা প্রতিকে যারা নির্বাচন করেছেন তারা বাদে সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে৷