মোঃসাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় খাবারে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ অননুমোদিত রং যা মানব দেহের জন্য খুবই ঝুকিপূর্ণ। ফ্রিজে রান্না করা খাবার ও রক্ত জীবাণুযুক্ত কাঁচা মাছ মাংস একই সাথে রাখা হয়েছে। এ সমস্ত অপরাধে মাগুরা সদর উপজেলার সাজিয়ারা এলাকায় রাকিব হোটেল এর মালিক আব্দুর রাজ্জাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৬) বেলা ১১.৩০টা থেকে ১.৩০ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাকিব হোটেল নামক প্রতিষ্ঠানে তদারকিতে দেখা যায় নানা অনিয়ম। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না হচ্ছে খাবার। যত্রতত্র নোংরা মেঝেতে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য খোলা রাখা হয়েছে, কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি। ব্যবহৃত টয়লেটে নাই কোন সাবান বা হ্যান্ডওয়াস। কর্মচারীরা টয়লেট শেষে হাত ভালোভাবে না ধুয়েই নোংরা হাতে রান্নার কাজ করছেন।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি বিশেষ টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।
