আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে চলছে পুকুর খনন ও আবাদি ফসলি জমির মাটি কাটার মহোৎসব।
উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে পুকুর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রয় করে আসছেন, মনিরুজ্জামান গাড্ডু ও ঠান্ডু নামের দুজন মাটি ব্যবসায়ী।এসব মাটি দীর্ঘদিন ধরে সান ব্রিক্সসসহ বিভিন্ন ইটভাটায় অর্থের বিনিময়ে সরবরাহ করে আসছেন।
এ ব্যাপারে মনিরুজ্জামান গাড্ডু বলেন, আমাদের মাটি কাটা এবং বিক্রয়ের অনুমোদন রয়েছে। মাটি বিক্রয়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এছাড়া উপজেলা প্রশাসনও অবগত রয়েছে।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, আমাদের উপজেলা প্রশাসন থেকে কাউকে মাটি কাটা ও বিক্রয়ের কোনো অনুমোদন দেয়া হয়নি। যদি কেউ এটা বলে থাকে এটা মিথ্যা, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
