ঢাকাWednesday , 18 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে ভোট কর্মকর্তাদের কাছ থেকে কর্তনকৃত ১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে  তীব্র বিতর্ক!

Mahamudul Hasan Babu
February 18, 2026 4:23 pm
Link Copied!

আব্দুল্লাহিল শাহীন উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর–২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে দায়িত্ব পালনকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছ থেকে কর্তন করা ১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে তারাগঞ্জে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার পরস্পরবিরোধী বক্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু হাই দাবি করেন, ইউএনও স্যারের নির্দেশে এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শ্রী ঋষিকেশের পরামর্শ অনুযায়ী ইনকাম ট্যাক্স খাতে এ টাকা কর্তন করা হয়েছে।

অপরদিকে, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ঋষিকেশ এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞতার কথা জানিয়ে বলেন, কর্তনকৃত এ টাকার বিষয়ে আমি কিছুই জানি না। আমার পরামর্শে টাকা কর্তন করা হয়নি।

কর্তন কৃত টাকার বিষয়টি ইনকাম ট্যাক্স অফিসে খোঁজ নিয়ে দেখতে পারেন।

এদিকে উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু হাই পুনরায় দাবি করছেন, হিসাব রক্ষণ কর্মকর্তার পরামর্শেই টাকা কর্তন করা হয়েছে। এমন পরস্পরবিরোধী বক্তব্যে উপজেলা প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৪৩টি কেন্দ্রে দায়িত্ব পালনকারী ৪৮৮ জন পোলিং অফিসার, ৪৩ জন প্রিজাইডিং অফিসার এবং ২৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ২০০ টাকা করে কর্তন করা হয়। এতে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা সংগ্রহ করা হয়।

অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু হাই দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে এ টাকা কর্তন করেন। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে তড়িঘড়ি করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তারাগঞ্জ শাখায় -এ টাকা জমা দেওয়া হয়।

তবে কোন খাতে টাকা জমা দেওয়া হয়েছে সে বিষয়ে উপজেলা প্রশাসন কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

গত ১৭ ফেব্রুয়ারি বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মোনাব্বর হোসেন তাচ্ছিল্যের সুরে বলেন, টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। উপ-প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে ব্যাংকের রিসিভ নিয়ে যান।

এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।