রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সভার ব্যানারে ‘সাংবাদিক’ শব্দটি উল্লেখ থাকলেও ইসলামপুর প্রেসক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিক ভাবে অবহিত না করায় এ অসন্তোষ দেখা দেয়।
জামালপুর-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন।
বুধবার (১৮ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন,চলমান প্রকল্পের অগ্রগতি,আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সুলতান মাহমুদ বাবু এমপি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা,জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সুধীজনরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। এমপি সকল মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ইসলামপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
তবে সভার ব্যানারে ‘সাংবাদিক’ উল্লেখ থাকা সত্ত্বেও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিক ভাবে না জানানোয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এ বিষয়ে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ বলেন,এ ধরনের আয়োজনে প্রেসক্লাবকে অবহিত না করা পেশাগত শিষ্টাচারের পরিপন্থী এবং এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে যথাযথ সমন্বয় ও আনুষ্ঠানিক যোগাযোগের প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন। সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
