ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর বাউফলে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ

Mahamudul Hasan Babu
February 20, 2026 4:37 pm
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে চাঁদা না দেওয়ায় মো. আনোয়ার হাওলাদার (৩৯) নামে এক বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব ১নং ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় কৃষক আনোয়ার হাওলাদার প্রায় ৫০ কানি জমি একসনা কবলা নিয়ে তরমুজ চাষাবাদ করে আসছেন। চাষাবাদ শুরু করার পর থেকেই একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে জমিতে তরমুজ চাষ করতে দেবে না এবং ক্ষেতের তরমুজ কেটে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে একদল ব্যক্তি লাঠি-সোটা, লোহার রড, জিআই পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তরমুজ ক্ষেতের পাশের কুঁড়েঘরে প্রবেশ করে আনোয়ার হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। এ সময় এগিয়ে আসা অন্যদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা ক্ষেতের তরমুজ গাছ নষ্ট করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করেছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি দাবিকৃত চাঁদা পরিশোধ না করলে জমি থেকে কোনো তরমুজ বিক্রি করতে দেবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত আনোয়ার হাওলাদারকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে রেফার করেন। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে বাউফল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।