স্টাফ রিপোর্টার: আবু সালমান লক্ষীপুর রামগতি পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদার করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্যবসায়ী এবং ভোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পাইকারি বাজার ও স্থানীয় উদ্যোক্তাদের দায় দেখিয়ে রমজান শুরুর এক-দুই দিন আগে বাজারদর অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেন। এতে ভোক্তাদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
আলোচনায় অংশ নেন ৪ নম্বর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, আলেকজান্ডার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, হাজীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সুফিয়া বাজারের সাধারণ সম্পাদক আবদুল মাজেদ এবং আজাদ নগর বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা বাজার পরিচালনাকারী ও ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ইতোমধ্যে দুটি বাজারে মনিটরিং পরিচালনা করে অসংগতি পাওয়া গেছে এবং দায়ীদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
