সবুজ হোসেন, নওগাঁ:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে নওগাঁয় কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল সর্বস্তরের মানুষের ঢল। রাত পেরিয়ে ২১ ফেব্রুয়ারির সূচনা মুহূর্তে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন ও গম্ভীর পরিবেশে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ইউনাইটেড প্রেসক্লাব, নওগাঁ জেলা প্রেস ক্লাব, টেলিভিশন অনলাইন প্রিন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি বাজতে থাকলে পুরো প্রাঙ্গণ জুড়ে নেমে আসে নীরবতা ও শোকের আবহ। অনেকেই খালি পায়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও দলবদ্ধভাবে উপস্থিত হয়ে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।
শহীদ মিনার প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের চেতনায় জেগে উঠল নওগাঁর ১১ উপজেলা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁ জেলার ১১টি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
আত্রাই, রাণীনগর, মান্দা, মহাদেবপুর, বদলগাছী, পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, সাপাহার, পোরশা ও সদর উপজেলাসহ প্রতিটি উপজেলায় রাত ১২টা ১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রভাতফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়া হয়।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্বে বিরল দৃষ্টান্ত। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সার্বিকভাবে নওগাঁ জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
