আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার কসাইখানা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) মো: নাবিদ হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার বামন্দী বাজার ও গাংনী বাজারে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় চেয়ারম্যানের সমন্বয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মাংস, সবজি ও ফল বিক্রেতাদের ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন এবং অস্বাভাবিক মুনাফা অর্জন থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমানের নেতৃত্বে কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব মেহেরপুর ও বাংলাদেশ আনসারের সহযোগিতায় সদর উপজেলার বারাদি হাটে বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এ সময় সবজি ও মাছের বাজারে খুচরা পর্যায়ে কাঁচকলা, বেগুন, পটল, পেঁপে, শসা, শিম, আলু, ফুলকপি, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, লেবুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়।
অভিযানকালে অধিকাংশ দোকানে ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ধারা লঙ্ঘনের দায়ে ২ জন ব্যবসায়ীকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
