আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে এক্সক্যাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে আবাদি ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে।
দিনের আলোতে ও রাতের আঁধারে নির্বিঘ্নে চললেও বিষয়টি দেখেও যেন নির্বিকার উপজেলা প্রশাসন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন যোগদানের পর থেকে অবাধে চলছে আবাদি জমির মাটি কাটা প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে নেয়া হয়নি কোনো ব্যবস্থা। এসব ঘটনায় অনেক নিউজ প্রকাশিত হলেও ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিচ্ছেন উপজেলা প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের জামায়াতে ইসলামী দলের নেতা দাউদ মাল দীর্ঘদিন ধরে মাটির ব্যবসা করে আসছেন ।
বেতবাড়ীয়া গ্রামের চরের মাঠ (সিথিনাথের ঘোনা) নামক স্থানে আবাদি জমির ১৫ থেকে ২০ ফিট গভীর করে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রয় করছেন।
আশপাশের আবাদি জমিগুলো হুমকির মুখে অবস্থান করছে: যে কোন সময় ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। এসব মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবাদি জমিগুলো অনাবাদি হয়ে পড়বে।
এ ব্যাপারে মাটি ব্যবসায়ী দাউদ মাল জানান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাটি কাটার নির্দেশ দিয়েছে। আবাদি জমি সমান করার জন্য নির্দেশনা পেয়েছি। তাহলে ২০ ফিট গর্ত করছেন কি কারণে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।
এব্যাপারে মাটি ব্যবসায়ী বেতবাড়ীয়া গ্রামের জামায়াত নেতা দাউদ মাল জানান, মাটি কাটার বিষয়টি কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন অবগত আছেন, তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন।
এব্যাপারে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন জানান, মাটি কাটার বিষয়ে আমি কি নির্দেশ দিতে পারি। এটা কি চেয়ারম্যানের এক্তিয়ারে মধ্য পড়ে। কেউ যদি আমার নাম করে থাকে তাহলে তারা মিথ্যা বলেছে আমি এ ব্যাপারে অবগত না।
এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেনি।
