ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের বিরুদ্ধে ১২ কোটি টাকার অভিযোগ, গ্রাহকদের মানববন্ধন

Mahamudul Hasan Babu
February 25, 2026 11:06 am
Link Copied!

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের নবীর দোকান এলাকায় অবস্থিত মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বুধবার দুপুরে ব্রিকফিল্ড সংলগ্ন মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের মালিক আবুল কালাম ওরফে ফারুকের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাহক অগ্রিম (ফরোয়ার্ড) ভিত্তিতে ইট ক্রয়ের জন্য প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ইট সরবরাহ কিংবা অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হলেও তারা কোনো ইট পাননি এবং টাকা ফেরতও পাননি বলে দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, “আমরা কষ্টার্জিত অর্থ দিয়ে ইট ক্রয়ের জন্য অগ্রিম টাকা দিয়েছি। কিন্তু দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, বাস্তবে কোনো সমাধান নেই। আমরা হয় আমাদের সম্পূর্ণ টাকা ফেরত চাই, নয়তো যে পরিমাণ ইটের জন্য অগ্রিম অর্থ প্রদান করেছি, সেই পরিমাণ ইট আমাদের বুঝিয়ে দিতে হবে।”

তারা আরও জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা আইনি পদক্ষেপ গ্রহণসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

মানববন্ধন চলাকালে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার বুধবার রাতে থানায় উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠকের আহ্বান জানান। তার আশ্বাসের ভিত্তিতে গ্রাহকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্রিকফিল্ড মালিক আবুল কালাম ওরফে ফারুকের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।