মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভাব) ”এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত সংগঠনের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাবের সভাপতি জাহিদ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার প্রসার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে ভাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কে এম হানিফ বাবলু। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে এমন সংগঠনের বিকল্প নেই। সামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ সৃষ্টি হয়। ভাব সেই সুযোগটি করে দিচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাবের কান্ট্রি ডিরেক্টর হাসনায়েন নায়েক ও কর্মকর্তা আব্দুল আলিম। তারা সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি, সহায়তা কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় ভাবের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
সমাপনী বক্তব্যে সভাপতি জাহিদ হাসান সকলের সহযোগিতা কামনা করে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানটি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়।
