ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে। বিভাজন ও বিভ্রান্তির রাজনীতি প্রত্যাখ্যান করে মানুষ মহান মুক্তিযুদ্ধের চেতনাকেই সমর্থন জানিয়েছে বলেও তিনি দাবি করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ায় অবস্থিত শ্রীরামকৃষ্ণ মন্দির-এ শ্রীরামকৃষ্ণ দেব-এর ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অপচেষ্টা মোকাবিলা করা সম্ভব। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
মন্ত্রী আরও বলেন, কিছু রাজনৈতিক দল দেশের মানুষকে বিভাজনের পথে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু সাম্প্রতিক নির্বাচনে সচেতন ভোটাররা সেই অপচেষ্টার দাঁতভাঙা জবাব দিয়েছে। সব ষড়যন্ত্র পরাজিত করে জনগণ ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষের শক্তিকেই বিজয়ী করেছে।
তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও সকল মানুষের জন্য কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের যখন প্রয়োজন হবে, আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে থাকব—এই নিশ্চয়তা দিচ্ছি।”
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ভক্ত, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
