ঢাকাTuesday , 3 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময়ে মিলছে না সুলভ মূল্যের দুধ-ডিম, প্রশ্নের মুখে পঞ্চগড় প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম

Mahamudul Hasan Babu
March 3, 2026 9:25 am
Link Copied!

ইকবাল বাহার, পঞ্চগড়: পবিত্র রমজান ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি বিভাগের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে পণ্য না পাওয়ার অভিযোগে এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ক্রেতারা।
উপকারভোগীদের দাবি, প্রতিদিন সকাল ১১টায় বিক্রয় শুরু হওয়ার কথা থাকলেও অনেক দিনই নির্ধারিত সময়ে দুধ ও ডিম পাওয়া যাচ্ছে না। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। এতে করে তাদের চড়া বাজারমূল্যে পণ্য কিনতে বাধ্য হতে হচ্ছে।
লাঠুয়াপাড়ার বীর মুক্তিযোদ্ধা খাকছার আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন বেলা প্রায় ১২টা বাজলেও এখানে দুধ ও ডিমের কোনো চিহ্ন নেই। নির্ধারিত সময়ে পণ্য না পেয়ে আমরা প্রায়ই ভোগান্তির শিকার হচ্ছি। সংশ্লিষ্টদের নজরদারি না থাকায় সাধারণ মানুষ বারবার হয়রানির মুখে পড়ছে।
ইসাত হোসেন নামে এক ক্রেতা জানান, তিনি হাফিজাবাদ ইউনিয়ন থেকে সকাল ১১টা ৪০ মিনিটে এসে দেখেন বিক্রয় কেন্দ্রেই দুধ ও ডিম নেই। তিনি বলেন, নির্ধারিত সময়ে পণ্য না পেলে সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এখন বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে কিনতে হবে।
অবসরপ্রাপ্ত শিক্ষক আবতাব হোসেন বলেন, সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে, যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ না হলে এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হয়। বিশেষ করে বয়স্ক মানুষদের দূর-দূরান্ত থেকে এসে খালি হাতে ফিরতে হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মরিয়ম রহমান জানান, সরবরাহে সাময়িক জটিলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে নিয়মিত সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বলে তিনি আশ্বাস দেন।
সচেতন মহলের মতে, সুলভ মূল্যের এই উদ্যোগকে কার্যকর রাখতে নির্ধারিত সময়সূচি মেনে নিয়মিত দুধ ও ডিম সরবরাহ নিশ্চিত করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না এবং সরকারের ভালো উদ্যোগও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।