মোঃ ইসমাইল হক ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান।
সংসদ সদস্য মনোযোগ দিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির শিকার না হন সে বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি উপজেলার সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে ভোলাহাট উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, কৃষকদের স্বার্থ সবার আগে বিবেচনায় নিতে হবে। নির্ধারিত মূল্য সময়মতো ও পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে চাষাবাদে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় এবং উৎপাদন ব্যাহত না হয়।
তিনি সতর্ক করে বলেন, যদি কোনো ডিলার সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই অসাধু চক্রের কারণে কৃষকরা যেন ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি প্রশাসনকে সর্বোচ্চ গুরুপ্ত দিয়ে নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি একটি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী আহরাম আলী, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা শোভন পাল, সমাজসেবা কর্মকতা নাসিম উদ্দিন, বিএম ডিএ কর্মকর্তা লোকমান হাকিম, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির আলী, এস আই খাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, পিয়ার জাহান, ইয়াসিন আলী শাহ, মোজাম্মেল হক চুটু, আফাজউদ্দিন পানু মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ,ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মোঃ শামসুজ্জামান আলকাশ, নায়েবে আমীর লোকমান আলী, সেক্রেটারি তোহিদুর রহমান।
ছবিক্যাপশন: ভোলাহাট উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
