নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা শহরে পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দিকে শহরের দলীয় কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে ৭ই মার্চ উপলক্ষে হঠাৎ করেই ওই কার্যালয় ভবনের ভেতর থেকে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হয়। এতে আশপাশের এলাকায় কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই ঘটনাটি মোবাইলে ধারণ করেন।
জানা গেছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে নির্বাচন সম্পন্ন হওয়ার পর এই প্রথম নওগাঁয় কোনো আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজালেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তুলে ধরেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, “৫ আগস্ট পরবর্তী আজ নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রথম ধ্বনিত হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।”
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জেলা পর্যায়ের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
