সবুজ হোসেন, নওগাঁ:জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) মহাখালীস্থ তিতুমীর কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে কেন্দ্রের উপস্থিত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করেন।
জানা যায়, মানুনুর রশিদ নামে নওগাঁ কোর্টের এক স্টাফ নিজেকে ভুয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তিনি শুভ নামের এক পরীক্ষার্থীকে উত্তর লিখে দিতে সহায়তা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করে তল্লাশি করেন।
তল্লাশিকালে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তিনি শ্যামল নামে এক ব্যক্তির কাছে প্রশ্নপত্র পাঠালে শ্যামল উত্তর তৈরি করে পাঠাতেন। পরে সেই উত্তর একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থী শুভকে জানানো হতো।
এ সময় পরীক্ষার্থী শুভর কানের ভেতর লুকানো সূক্ষ্ম ডিভাইস উদ্ধার করা হয়। এছাড়া তার হাতে ঘড়ির সাথে বিশেষভাবে লাগানো একটি ব্যাংক কার্ড সদৃশ সিম কার্ড ও বিশেষ ডিভাইস পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করে দণ্ডবিধির ৪১৭ ধারায় মানুনুর রশিদকে ১ বছরের কারাদণ্ড এবং পরীক্ষার্থী শুভকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আলামত জব্দ ও বিচার প্রক্রিয়ায় ডিএমপির গুলশান থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
